গুগল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন? নতুন নিয়মে লগিন করতে পারবেন

Published on: July 24, 2026 11:20 AM

গুগল অ্যাকাউন্টে (Google/Gmail Account) প্রবেশের সময় পাসওয়ার্ড মনে না থাকলে বা দুই স্তরের নিরাপত্তা যাচাইকরণ (টু-ফ্যাক্টর অথেনটিকেশন) ব্যবহার করা সম্ভব না হলে ব্যবহারকারীদের জন্য নতুন সমাধান এনেছে গুগল। প্রতিষ্ঠানটি ‘সেলফি ভিডিও’ নামে একটি পরিচয় যাচাই সুবিধা চালু করেছে, যার মাধ্যমে নিজের ভিডিও ব্যবহার করে অ্যাকাউন্ট পুনরুদ্ধার (Google Account Recover) করা যাবে।

গুগলের তথ্য অনুযায়ী, এই ব্যবস্থায় ব্যবহারকারীকে মোবাইল ফোন বা কম্পিউটারের ক্যামেরা দিয়ে নিজের মুখের একটি সংক্ষিপ্ত ভিডিও ধারণ করতে হবে। পরে সাইন-ইনের সময় নতুন করে ধারণ করা ভিডিওটি আগের সংরক্ষিত ভিডিওর সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হবে।

ফিচারটি চালুর জন্য ক্যামেরার সামনে থেকে পর্দায় দেখানো নির্দেশনা অনুসরণ করতে হবে। এ সময় মাথা বিভিন্ন দিকে ঘোরানোর মতো কয়েকটি সহজ ধাপ সম্পন্ন করতে হবে, যাতে মুখের বিভিন্ন কোণ থেকে ভিডিও ধারণ করা যায়। পুরো প্রক্রিয়াটি অ্যাপলের ফেস আইডির মতো হলেও এতে অতিরিক্ত ইনফ্রারেড প্রযুক্তির প্রয়োজন হয় না।

গুগল জানিয়েছে, ব্যবহারকারীর রেফারেন্স ভিডিও এনক্রিপশনের মাধ্যমে নিরাপদভাবে ক্লাউডে সংরক্ষণ করা হবে। চাইলে অ্যাকাউন্টের সেটিংস থেকে যেকোনো সময় এই ভিডিও মুছে ফেলার সুযোগও থাকবে। ডিফল্টভাবে ভিডিওটি শুধু সাইন-ইনের উদ্দেশ্যে ব্যবহৃত হবে, তবে ব্যবহারকারী চাইলে অতিরিক্ত কিছু ব্যবহারের অনুমতিও দিতে পারবেন।

আরো পড়ুন: চ্যাটজিপিটি দিয়ে কিভাবে টাকা আয় করা যায়

প্রতিবার সাইন-ইনের সময় আবার একটি নতুন ভিডিও ধারণ করতে হবে। সেখানে মুখের কিছু স্বাভাবিক নড়াচড়া করতে হবে, যাতে নিশ্চিত হওয়া যায় ভিডিওটি তাৎক্ষণিকভাবে ধারণ করা হয়েছে। এরপর সেটি সংরক্ষিত ভিডিওর সঙ্গে তুলনা করে পরিচয় যাচাই করা হবে।

নিরাপত্তা জোরদার করতে ছবি বা ডিপফেক ভিডিও ব্যবহার করে অন্যের পরিচয়ে প্রবেশের চেষ্টা শনাক্ত করার জন্য একাধিক সুরক্ষা ব্যবস্থা যুক্ত করেছে গুগল। পাশাপাশি সন্দেহজনক সাইন-ইন শনাক্ত ও প্রতিরোধে প্রতিষ্ঠানটির বিদ্যমান নিরাপত্তা প্রযুক্তিও কার্যকর থাকবে।

গুগল জানিয়েছে, নতুন ‘সেলফি ভিডিও’ সুবিধাটি ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। কোনো অ্যাকাউন্টে ফিচারটি চালু হয়েছে কি না, তা নির্ধারিত সেটআপ পেজে গিয়ে যাচাই করা যাবে।

Ishrat Jahan

Ishrat Jahan is a writer at DailyBanglaTech who covers education and technology news. With over 6 years of experience, she writes about exam updates, admit cards, and digital trends using verified information from official sources and trusted institutions.

Leave a Comment