এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল (SSC Result 2026) আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সেদিন সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
সোমবার (২৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি এ তথ্য (SSC Result 2026 Published Date) নিশ্চিত করেন। এর মাধ্যমে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা অনিশ্চয়তার অবসান হলো।
এর আগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ না হওয়ায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয় এবং বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
পরে শিক্ষামন্ত্রী জানান, চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব কি না, তা নিয়ে কাজ চলছে। একই সময়ে শিক্ষা বোর্ডকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত রাখতে নির্দেশনা দেওয়া হয়। এরপর মন্ত্রণালয় সূত্র থেকে জানানো হয়েছিল, ৩০ জুলাই ফল প্রকাশের তারিখ নির্ধারণ হতে পারে। অন্যথায় আগস্টে গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচির কারণে ফল প্রকাশ পিছিয়ে যেতে পারে।
আরো পড়ুন: জুলাই বিপ্লব ২০২৪ বাংলাদেশ রচনা ২০ পয়েন্ট ও ৩০ পয়েন্ট
চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। প্রচলিত নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার সেই সময়সীমার মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হয়নি।
এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
এবারের পরীক্ষায় আগের বছরের তুলনায় বহিষ্কারের ঘটনা উল্লেখযোগ্যভাবে কম ছিল। এখন নির্ধারিত সূচি অনুযায়ী ১০ আগস্ট ফল প্রকাশের মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে।






